
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার র্যাব-১২ কার্যালয়ের পাশে চড়িয়া কান্দিপাড়া ব্রিজের ওপর যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— সলঙ্গা থানার শরীফ সলঙ্গা গ্রামের সিএনজি চালক সোরমান হোসেন (৩৫) এবং একই থানার আঙ্গারু গ্রামের মৃত হরেন্দ্রনাথ সূত্রধরের ছেলে কাঠমিস্ত্রি গোবিন্দ সূত্রধর (৪০)। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস চড়িয়া কান্দিপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে হাটিকুমরুল থেকে সলঙ্গাগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পিছন দিক থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিন যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠান।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া বাসটি শনাক্তে কাজ চলছে।