
সেলিম রেজা তাজ, বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩১টি শাড়ি, ৫০০ গ্রাম জিরা ও ১ কেজি ফুচকাসহ প্রায় ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আইসিপি টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
৪৯ বিজিবি জানায়, আটক করা মালামালের মধ্যে রয়েছে ৩১টি শাড়ি, ৫০০ গ্রাম জিরা ও ১ কেজি ফুচকা। এসব মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।