
স্পোর্টস ডেস্ক
টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসেই ৫০০ বা তার বেশি রান করে বিরল বিশ্বরেকর্ড গড়েছে দলটি। এর আগে টেস্ট ইতিহাসে কোনো দল দুই ইনিংসেই ৫০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেনি। ক্রিকেটের পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়ারও এমন কীর্তি নেই।
ম্যাচে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে সংগ্রহ করে ৫০৪ রান। ব্রেন্ডন টেইলর ১৩১ এবং অধিনায়ক ব্রায়ান বেনেট করেন ১২৮ রান। জবাবে আফগানিস্তান ৫১৪ রান তুলে ১০ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে আরও দুর্দান্ত ব্যাটিং করে ৫২৩ রান সংগ্রহ করে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে ক্রেইগ আরবাইন করেন ২০৬ রান। ওয়েসলি মাধভেয়ারের ব্যাট থেকে আসে ১০০ রান। টেইলর করেন ৮২ রান।
এই টেস্টে আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন আফগান স্পিনার জিয়া-উর-রেহমান। টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে দুই ইনিংসেই ১৫০ রানের বেশি খরচ করেছেন তিনি। প্রথম ইনিংসে ১৭০ এবং দ্বিতীয় ইনিংসে ১৭৩ রান দেন এই বাঁহাতি স্পিনার। দুই ইনিংস মিলিয়ে ৯৬ ওভার বল করে তার খরচ ৩৪৩ রান।
আলোকস্বল্পতার কারণে ম্যাচে খেলা বারবার বিঘ্নিত হলেও শেষ পর্যন্ত পাঁচ দিনের লড়াই ড্র হয়। ম্যাচে মোট সাতটি ব্যক্তিগত সেঞ্চুরি দেখা গেছে।