
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে সার ও বিদ্যুৎ সংকট নিরসন এবং নিত্যপণের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, আব্দুল আজিজ, পলাশ কুমার ঘোষ, ইব্রাহিম ও শফিকুল ইসলাম শফি।
বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার জানান, সার ও বিদ্যুৎ সংকট দূর, নিত্যপণ্যের দাম কমানো এবং সারা বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দাবিতে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়াতে মানববন্ধনের আয়োজন করা হয়।
তিনি বলেন, আমরা মানববন্ধনে যখন বক্তব্য দেই তখন একসঙ্গে স্থানীয় ৪০/৫০ জন এসে হামলা করে। আমাদের ব্যানার ছিঁড়ে ফেলে ও নেতাকর্মীদের মারধর করে। এ ঘটনায় ৮-১০ জন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ ছিল।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু বক্কার মাতব্বর বলেন, বাসদ পিপুলবাড়িয়াতে মানববন্ধন করতে চেয়েছিল, স্থানীয়রা করতে দেয়নি।