
আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো:
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর নির্বিঘ্ন করা এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আরএমপির উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
সভায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং পূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সভায় সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সফর এবং দুর্গাপূজা উপলক্ষে নগরবাসী ও পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তুতি ও করণীয় নিয়েও আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
এ ছাড়া সভায় সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরকে সুশৃঙ্খল ও নিরাপদ করা এবং শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রস্তুতি ও দায়িত্বশীল ভূমিকার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।