
ন্যাশনাল ডেস্ক
তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে ন্যূনতম মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্যসহ মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
রোববার (১ নভেম্বর) মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে জারি করা এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে গার্মেন্টস শিল্প খাতের মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিনকে নিয়োগ দেওয়া হয়।
শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৮ ধারার উপধারা (২) ও (৪) অনুযায়ী ন্যূনতম মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য, মালিকপক্ষের প্রতিনিধি এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে।
এতে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।