
ন্যাশনাল ডেস্ক
আজ ১ নভেম্বর, জাতীয় যুব দিবস। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে সারা দেশে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশব্যাপী যুব র্যালি, আলোচনা সভা, যুব সমাবেশ, যুবমেলা এবং যুব উন্নয়নমূলক নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জাতীয় যুব দিবস উপলক্ষে এবার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জনকে জাতীয় যুব পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন চারজন যুব সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মী। অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।
গত ২৯ অক্টোবর সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
দিবসটি উপলক্ষে যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান নিয়ে চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে পর্যায়ক্রমে তিন থেকে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে মেলার দিনই অন্তত ১০০ জনকে তাৎক্ষণিকভাবে চাকরি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় যুব দিবসের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ১২ হাজার নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ও পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হবে।
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যেই প্রতিবছর জাতীয় যুব দিবস পালন করা হয়। এবারের কর্মসূচিতে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও পরিবেশবান্ধব জ্বালানির প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।