
অলিউল্লাহ্ ইমরান, বরগুনা প্রতিনিধি
‘তালাকের পরও আমাদের জীবন থেকে আতঙ্ক কাটছে না। দুই সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচতে চাই। কিন্তু সাবেক স্বামী ও তার সহযোগীদের হুমকি-ভয়ভীতির কারণে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় দিন কাটছে। কান্নাজড়িত কণ্ঠে এভাবেই নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা মিতু শারমিন।
রোববার (০২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন মহিমা আক্তার। এছাড়াও তার মা, ফুফু ও দুই সন্তান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মিতু শারমিন অভিযোগ করেন, সাবেক স্বামী রফিকুল ইসলাম ও তার ভাই দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। পরবর্তীতে তালাকের পর ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, সংসার চলাকালে ভরণপোষণের অর্থ থেকে সঞ্চয় করে দুই ছেলের নামে কেনা প্রায় আড়াই শতক জমি নিয়েও বিরোধ সৃষ্টি হয়েছে। এছাড়া তার ব্যক্তিগত ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন।
মিতু শারমিনের দাবি, সম্প্রতি পাথরঘাটা থানার সামনে সাবেক স্বামী ও তার সহযোগীরা তাদের ওপর হামলার চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তিনি ও তার বোন চিকিৎসা নেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি আমার দুই সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচতে চাই। আমার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।
তবে এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম বা তার পরিবারের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।