
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের চেকে ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে মো. মাহফুজ রহমান নামে এক মোয়াজ্জেমের বিরুদ্ধে। একই সাথে সাবেক ফিল্ড সুপারভাইজারেরও স্বাক্ষর জাল করেছেন মডেল মসজিদের ওই মোয়াজ্জেম। তবে ব্যাংক কর্মকর্তার কারণে টাকা উত্তোলনের ব্যার্থ হন মোয়াজ্জেম মাহফুজ রহমান।
ঘটনাটি জানাজানি হলে টক অব দ্যা উপজেলাতে পরিণত হয়।
জানা যায়, গত ৩০জুলাই একটি চেক নিয়ে ব্যাংকে টাকা উত্তোলনের জন্য যান মো. মাহফুজ রহমান। চেকটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এবং সাবেক ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলমের স্বাক্ষর ছিল। ব্যাংকে উপস্থাপন করা চেকটির স্বাক্ষর যাচাই করার সময় দেখে সন্দেহ হয় দায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নুর আলমের। এরপর তিনি সাবেক ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলমের সাক্ষর দেখে সন্দেহ প্রকাশ করেন। তিনি মাহফুজ রহমানের কাছে জানতে চান বর্তমানে দায়িত্বে না থাকা একজন কর্মকর্তার স্বাক্ষরযুক্ত চেক কীভাবে উপস্থাপন করা হলো। জবাবে মাহফুজ রহমান দাবি করেন দায়িত্ব ছাড়ার আগেই জাহাঙ্গীর আলম চেকটিতে স্বাক্ষর করে গেছেন।
এতে সন্দেহ হলে ব্যাংক কর্মকর্তা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনিকে অবহিত করেন। পরে যাচাই-বাছাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
এ বিষয় জানতে অভিযুক্ত মো. মাহফুজ রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বর্তমান ফিল্ড সুপারভাইজার মো. আল আমিন সরকার বলেন, “আমি নতুন দায়িত্ব নিয়েছি। ঘটনাটি শুনেছি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, “ঘটনাটি সত্য। প্রাথমিক ভাবে স্বাক্ষরটি জাল বলে ধরা পড়েছে। আর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”