
শ্যামল হালদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শেষে লংমার্চের গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। কর্মসূচিকে ঘিরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে নজরদারি।
আয়োজকদের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, দলীয়করণ বন্ধ এবং উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।
শনিবার সকালে হাটিকুমরুল এলাকায় সরেজমিনে দেখা যায়, মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাঁরা যান চলাচল পর্যবেক্ষণের পাশাপাশি লংমার্চের গাড়িবহর ও অংশগ্রহণকারীদের নিরাপত্তার বিষয়েও নজর রাখছেন।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান মহাসড়কের একটি অংশে পুলিশের নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
লংমার্চকে কেন্দ্র করে হাটিকুমরুল ও আশপাশের এলাকায় প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েনের তথ্যও বিভিন্ন প্রতিবেদনে এসেছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সিরাজগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে লংমার্চকে কেন্দ্র করে হাটিকুমরুল এলাকায় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে পথে কয়েকটি স্থানে পথসভার আয়োজনের কথা রয়েছে। সিরাজগঞ্জের হাটিকুমরুলেও লংমার্চের গাড়িবহর থামিয়ে পথসভা ও নামাজের বিরতির প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
লংমার্চের গাড়িবহর হাটিকুমরুল অতিক্রম করার সময় যাতে মহাসড়কে যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সে বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর রাখছে।