
লক্ষ্মীপুর প্রতিনিধি
ছাত্র জনতা যে কারণে বিপ্লব করেছে সেটার প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি। সরকার এখন তালবাহানা শুরু করে দিয়েছে। সরকার এখন আমাদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হচ্ছে। সরকার আমাদের ১০হাজার টাকা ভাতা না দিয়ে সিকিউরিটি দিক। আমি এখন পর্যন্ত কোন জুলাই ভাতা পাইনি। কার্ডও করিনি। সরকারী কোন ভাতা আমার প্রয়োজন নেই। আমার রিজিকে যা তা এমনিই আমার কাছে পৌছবে। আমি আশা করবো রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে আমাদের সন্মানের জায়গায় রাখবেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (১ আগস্ট) দুপুরে একটি চাইনিজ রেস্টুরেন্টে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সম্মানে এক মতবিনিময় সভায় জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী এসব কথা বলেন।
রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় এবং উপজেলা সেক্রেটারি ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম মুকুল, রামগঞ্জ পৌর জামায়াতের আমির হাসান বান্না, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমেদ পাটোয়ারী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান, জুলাই শহীদ আনোয়ারের পিতা আল আমিন পাটোয়ারীসহ প্রমুখ।