
ন্যাশনাল ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের ডাইনিংয়ে পরিবেশিত দুপুরের খাবারে নারীর ছবিযুক্ত একটি স্টিকার পাওয়ার অভিযোগ উঠেছে। স্টিকারটিতে এক নারীর ছবি এবং নিচে ‘মেথির পুষ্টি সমৃদ্ধ’ লেখা ছিল। ধারণা করা হচ্ছে, এটি ডাবর আমলা ব্র্যান্ডের চুলের তেলের প্যাকেটের একটি অংশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে খাবার খাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় মিয়া মাছের ঝোলে স্টিকারটি দেখতে পান।
ভুক্তভোগী হৃদয় মিয়া বলেন, ‘দুপুরে রুম থেকে বেরিয়ে হলের ডাইনিংয়ে খাবার খেতে যাই। এসময় মাছের বাটি প্লেটে ঢালতে গিয়ে স্টিকারসদৃশ ডিজাইন করা এক নারী ছবি দেখতে পাই। বিষয়টি তাৎক্ষণিক ডাইনিংয়ের ম্যানেজারকে জানালে তিনি বলেন, রান্নার জন্য আনা ম্যাজিক মসলায় এটি ছিল।’
চবির শাহজালাল হল সংসদের ভিপি আলাউদ্দিন সন্দীপী বলেন, ‘বিষয়টি আমি দেখেছি। রাতে হল সংসদ ও চাকসুর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সম্পাদকের সমন্বয়ে বিষয়টি নিয়ে বসব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আর তা ছাড়া খাবারের মানের উন্নতি না হওয়ায় পুরোনো ম্যানেজারকে বাদ দিয়ে নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। এরকম যে কোনো কিছুর প্রয়োজন হলে সেই ব্যবস্থাও গ্রহণ করব আমরা।’
নতুন প্রভোস্ট বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি, তবে কোনো অফিসিয়াল অভিযোগ আসেনি। যারা রান্না করেছে তাদের দাবি, এটি মসলার সঙ্গে সংযুক্ত একটি কাগজ। আমি তাদেরকে সচেতন থেকে ভবিষ্যতে কাজ করার জন্য বলেছি।’