
অনলাইন ডেস্ক রিপোর্ট
“টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি”— এমন ব্যতিক্রমী স্লোগানে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে অভিনব মিছিল ও মানববন্ধন করেছেন একদল বন্ধু। তাদের অভিযোগ, দীর্ঘদিনের বন্ধু শাকিল শেখ কাউকে কিছু না জানিয়েই গোপনে বিয়ে করেছেন।
শুক্রবার (১৫ মে) বিকেলে এসএসসি ২০১৫ ব্যাচের কয়েকজন বন্ধু ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এ কর্মসূচি পালন করেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।
বন্ধুরা জানান, শাকিল শেখ তাদের ঘনিষ্ঠ বন্ধু হলেও বিয়ের বিষয়টি সম্পূর্ণ গোপন রেখেছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিষয়টি জানতে পেরে তারা অভিমান থেকেই এ প্রতীকী প্রতিবাদে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন বলেন, “বন্ধুত্বের সম্পর্কে লুকোচুরি থাকতে পারে না। অন্তত বিয়ের মতো আনন্দের খবর বন্ধুদের জানানো উচিত ছিল।”
মহাসড়কের পাশে এমন ব্যতিক্রমী আয়োজন দেখতে পথচারী ও যাত্রীদের ভিড় জমে যায়। অনেকেই গাড়ি থামিয়ে ছবি তোলেন এবং ঘটনাটি উপভোগ করেন। অল্প সময়ের মধ্যেই এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে পুরো আয়োজনটি ছিল বন্ধুত্বপূর্ণ অভিমান ও হাস্যরসকে ঘিরে। কর্মসূচি শেষে বন্ধুরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করে শুভকামনা জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়নাল, মিশকাত, আলামীন, আশিক, সোহেল, মামুনসহ স্থানীয় আরও অনেকে।