সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দাফনের প্রায় ২০ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে দুই যুবকের মরদেহ উত্তোলন করেছে প্রশাসন। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মর-দেহ দুটি উত্তোলন করা হয়।
নিহতরা হলেন, হেমনগর গ্রামের আজিজ ফারুকীর ছেলে রোকুনুজ্জামান রোকন ফারুকী এবং তাঁর প্রতিবেশী ভাতিজা নাসির উদ্দিন নান্টু।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মার্চ জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় ওই দুই যুবকের মৃত্যু হয়। সে সময় ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি অপমৃত্য মামলা করা হয়েছিল।
তবে নিহত রোকুনুজ্জামান রোকন ফারুকীর ছোট ভাই ফেরদৌস মামুন ওরফে শাওন ফারুকীর দাবি, তাঁর ভাই ও নাসির উদ্দিন নান্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁর চাচা আব্দুল ওয়াহাব ও চাচাতো ভাই মোনায়েম হোসেন জেমসসহ অন্যরা একটি হাইস গাড়ি দিয়ে চাপা দিয়ে হত্যার ঘটনা ঘটিয়ে সেটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে প্রচারের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ফেরদৌস মামুন ওরফে শাওন ফারুকী গত ১০ সেপ্টেম্বর আদালতে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একই সঙ্গে কবর থেকে মর-দেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়।







