
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল উপকরণ দিয়ে দস্তা ও বোরণ সার রিপ্যাকিংয়ের অভিযোগে মোনালিসা অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে ভেজাল সার তৈরির উপকরণ ও প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘুড়কা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, মোনালিসা অ্যাগ্রোর স্বত্বাধিকারী আব্দুল আজিজের বিরুদ্ধে ভেজাল সার তৈরি ও বাজারজাত করার অভিযোগ রয়েছে। এ ছাড়া অভিযানে প্রতিষ্ঠানটিতে ভেজাল উপকরণ ব্যবহার করে দস্তা ও বোরণ সার রিপ্যাকিংয়ের কার্যক্রম পরিচালনার বিষয়টি উঠে আসে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির নিবন্ধনে উল্লেখিত ঠিকানা পরিবর্তন করে অন্য স্থানে কার্যক্রম পরিচালনার বিষয়টিও অভিযানের সময় নজরে আসে। এসব অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত মোনালিসা অ্যাগ্রোকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ভেজাল উপকরণ ও প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ জব্দ করা হয়।
কৃষি খাতে ব্যবহৃত সার যেন ভেজালমুক্ত থাকে এবং কৃষকরা প্রতারণার শিকার না হন, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।