
এরশাদ আলী,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে ৪টা পযন্ত উৎসবমুখর পরিবেশে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালক কমিটির সভাপতি মিনহাজুল আবেদীন মিলন, জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোস্তফা মাহাবুব লিটন ও
যুগ্ম আহবায়ক রিপন সরদার যৌথভাবে দায়িত্ব পালন করেন। নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারন সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, শ্রমিক দলের নেতা আব্দুল মান্নান, শামছুদ্দীন উদ্দিন গল্টু, মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন প্রমুখ।
নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মী ও সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনে তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অংশ গ্রহণ করেন। সভাপতি পদে মুকুল হোসেন চেয়ার মার্কা ১৫৭ ভোট, সহ-সভাপতি পদে মানিক হোসেন দেয়াল ঘড়ি মার্কা ১২৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে ইলাম হোসেন মাছ মার্কা ১৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভোট গ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে নব-নির্বাচিত কমিটির সভাপতি মুকুল হোসেন বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং সংগঠনের উন্নয়ন ও গতিশীলতার বৃদ্ধি জন্য কাজ করে যাবো।