শ্যামল হালদার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করেছে বিএনপি।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান। সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল আলিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ছাত্রদলের সাবেক সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের মধ্যে একযোগে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। আগামী ২৫ নভেম্বর ফরম জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপি মাঠে থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা হয়।