
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
তরুণদের বেকারত্ব দূরীকরণ, উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে রাজশাহীর বাঘায় ‘উদ্যোগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও চিহ্নিতকরণ কর্মসূচির আওতায় আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা অংশ নেন।
বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকি ফয়সাল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের উপপরিচালক ও রিসোর্স পার্সন মো. আসাদুজ্জামান এবং সহকারী পরিচালক সাফি সাহেদ আহমেদ সাব্বির।
এছাড়া পুবালী ব্যাংক পিএলসি রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মো. সাজিদুর রহমান, সোনালী ব্যাংক বাঘা শাখার ব্যবস্থাপক মো. আতিকুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক মনোনীত বাঘা উপজেলার লিড ব্যাংক পুবালী ব্যাংক পিএলসি বাঘা শাখার ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন।
কর্মশালায় জানানো হয়, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ১৮ থেকে ২৮ বছর বয়সী যোগ্য তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে ৫০ শতাংশ অনুদান এবং বাকি ৫০ শতাংশ রিফাইন্যান্স স্কিমের আওতায় ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।
বক্তারা বলেন, তরুণ সমাজের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন ব্যবসা ও উদ্যোগ গড়ে তুলতে হবে। এতে একদিকে তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে আরও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
তারা তরুণদের এ সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বাঘায় এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।