
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার আব্বাসী ও সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির প্রমুখ।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন। দিবসটির কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।