
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বালু উত্তোলনের সময় বাল্কহেড থেকে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া সবুজ (২৪) নামে এক যুবকের মরদেহ চার দিন পর যমুনা নদীতে ভেসে উঠেছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বেলুটিয়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ।
নিহত সবুজ নোয়াখালী জেলার সুবর্ণচর থানার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার দিন আগে যমুনা নদীতে বালু পরিবহনের কাজে ব্যবহৃত বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ হন সবুজ। শুক্রবার দুপুরের দিকে তার মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
সিরাজগঞ্জ নৌ-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, যমুনা নদীতে সবুজ নামে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।