
মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
যশোরে ডাব চুরির অপবাদে কিশোর স্বাধীন (১৬) হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার মা সুমাইয়া আক্তার। একই সঙ্গে অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
সোমবার (২৬ অক্টোবর) প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সুমাইয়া আক্তার। এ সময় ছেলের মৃত্যুর ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
লিখিত বক্তব্যে সুমাইয়া আক্তার বলেন, গত ১৮ অক্টোবর ফুপার সঙ্গে পূজামণ্ডপ দেখতে বাড়ি থেকে বের হলে ডাব চুরির অপবাদে স্থানীয় কয়েকজন ব্যক্তি স্বাধীনকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মা অভিযোগ করেন, এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা হলেও জড়িত সবাইকে এখনো গ্রেপ্তার করা হয়নি। ছেলের মৃত্যুর পর থেকে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তিনি।
সুমাইয়া আক্তার বলেন, “আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেটিও চাই।”
সংবাদ সম্মেলনে স্বাধীনের ফুফু, খালা, মামী শ্রাবণী, মৌ, সুমি, পান্না ও জেসমিন উপস্থিত ছিলেন।