
শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা শহরে অবৈধভাবে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের দায়ে ঢাকা বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৬ অক্টোবর) সদর হাসপাতাল সড়কে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের কলেজ রোড, হাসপাতাল রোড ও শহীদ আবুল কাশেম রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্যাস, ওষুধ, খাদ্যপণ্য ও লন্ড্রিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা হয়।
অভিযানে ঢাকা বিরিয়ানি হাউজে কাঁচা ও রান্না করা মাংস খোলাভাবে ফ্রিজে সংরক্ষণ এবং বিক্রির জন্য বাসি খাবার রেখে দেওয়ার বিষয়টি পাওয়া যায়। এ কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. আবিল শরীফকে প্রশাসনিক ব্যবস্থায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
এ ছাড়া লন্ড্রিগুলোকে যথাযথ সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে খাদ্যপণ্য বিক্রেতাদের নিরাপদ ও মানসম্মত খাবার বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
অভিযান থেকে নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি, যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা, প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ ও শিশুখাদ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান