সিরাজগঞ্জের রায়গঞ্জে একই রাতে পৃথক দুটি বাড়ির গোয়ালঘর থেকে ছয়টি গরু চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।
সোমবার দিবাগত রাতে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল বাগিচা গোয়ালপাড়া ও আদিত্য বাড়িয়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামতৈল বাগিচা গোয়ালপাড়া এলাকায় নাকাটি বাজারের পাশে শরিফুল ইসলামের গোয়ালঘর থেকে একটি গাভী ও দুটি বকনা গরু চুরি হয়। গরুগুলোর আনুমানিক মূল্য দুই লাখ টাকা।
শরিফুল ইসলাম জানান, গভীর রাতে গোয়ালঘর থেকে গরু বাইরে নেওয়ার সময় তিনি বিষয়টি টের পান। তবে বাড়ির ঘরের দরজায় শেকল থাকায় তাৎক্ষণিকভাবে বাইরে বের হতে পারেননি। পরে বাইরে এসে দেখতে পান, কয়েকজন ব্যক্তি গরুগুলো একটি গাড়িতে তুলছে। তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকলে চোরেরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।
অন্যদিকে, একই রাতে আদিত্য বাড়িয়া এলাকার দিনমজুর তরিফুল ইসলামের গোয়ালঘর থেকেও তিনটি গরু চুরি হয়েছে। এর মধ্যে একটি ষাঁড়, একটি বকনা ও একটি গাভী রয়েছে। এসব গরুর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।
তরিফুল ইসলাম বলেন, রাতের কোনো একসময় চোরেরা গোয়ালঘর থেকে গরুগুলো নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে তিনি বিষয়টি জানতে পারেন। পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও গরুগুলোর সন্ধান পাওয়া যায়নি।
একই রাতে কাছাকাছি এলাকায় দুটি বাড়ি থেকে ছয়টি গরু চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে রাতের বেলায় গোয়ালঘরের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন গবাদিপশুর মালিকেরা।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে