
নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার এসএস রোড এলাকায় টেস্টি ট্রিট, লাইভ বেকারি ও একটি মুদি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযান সূত্রে জানা যায়, টেস্টি ট্রিট ও লাইভ বেকারিতে উৎপাদিত ব্রেড ও কেকে যথাযথ লেবেল ব্যবহার না করা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ না থাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কেক উৎপাদন ও বাজারজাত করার মতো অনিয়ম পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে টেস্টি ট্রিটের ম্যানেজার মো. শিবলী সাদিককে ১৫ হাজার টাকা, মেসার্স যুগলকৃষ্ণ ভান্ডারের মালিক সরুপ সাহাকে ৮ হাজার টাকা এবং সিরাজগঞ্জ লাইভ বেকারির মালিক মো. শান্ত শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট তিনটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কাঠেরপুল, চৌরাস্তা ও বড় বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, যথাযথ লেবেল সংরক্ষণ এবং ভোক্তা অধিকার-সংক্রান্ত আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।