
মো:সাকিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নাচোল থানার এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কসবা ইউনিয়নের চন্দ্রাইল গ্রামে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে চন্দ্রাইল গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে মো. আলতাব আলী (৫৩)-কে তার নিজ বাড়ির সামনে থেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২৫টি পুরিয়ায় রাখা মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।