
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের রায়গঞ্জে সুগন্ধি চালের মিল ও পাইকারী দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩ আগষ্ট) দুপুরের রায়গঞ্জ উপজেলার বল্লাহভংকুর ও রুদ্রপুর এলাকায় সুগন্ধি চালের রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স আনিকা তাবাসসুম এন্টারপ্রাইজ এবং চান্দাইকোনা বাজারে সুগন্ধি চালের পাইকারি ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মো. সোহেল শেখ। অভিযানে সুগন্ধি চালের রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স আনিকা তাবাসসুম এন্টারপ্রাইজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে প্রতিষ্ঠানটির কোনো তথ্য পাওয়া না যাওয়ায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে জানান মো. সোহেল শেখ।
তিনি জানান, চান্দাইকোনা বাজারে সুগন্ধি চালের দাম বেশি নেওয়া, মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় রশিদ না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স কুন্ড এন্ড সন্সের মালিক প্রশান্ত কুমার কুন্ডুকে ৫ হাজার, মেসার্স ইয়ামনি ট্রেডার্সের মালিক মো: ইউসুফ আলীকে ৩ হাজার, মেসার্স একতা ট্রেডার্সের মালিক মো: ফরহাদকে ৩ হাজার এবং মেসার্স আল আমিন স্টোরের মালিক মো: আল আমিনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সুগন্ধি চালের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, খাদ্য পরিদর্শক, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এবং র্যাব ও ব্যাটেলিয়ন আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।