
উজ্জ্বল মুন্সি, আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে শিক্ষা, সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার। মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অসহায় মানুষের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ এবং গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল প্রদানসহ দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন তিনি।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি বিদ্যালয়ের নবনির্মিত মাল্টিমিডিয়া ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, অসহায় জনগোষ্ঠীর হাতে সরকারি আর্থিক সহায়তার চেক, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহায়তা করতে তাদের মাঝে বাইসাইকেলও প্রদান করেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসাইনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও জনকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং সরকারি সেবাকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।