
মো: আব্দুর রহীম মিঞা, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা এলাকার অন্যতম বড় সমস্যা হয়ে উঠেছে যানজট। বিশেষ করে ভূঞাপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় প্রতিদিন যানবাহনের চাপ, অনিয়ন্ত্রিত পার্কিং এবং প্রশাসনের নির্দেশনা না মানার কারণে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। এই সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ হিসেবে বিভিন্ন নির্দেশনামূলক বিলবোর্ড স্থাপনের উদ্যোগ নিয়েছে ভূঞাপুর পৌর প্রশাসন।
বুধবার (১ জুলাই ) এসব বিলবোর্ড স্থাপনের কার্যক্রম পরিদর্শন করেন ভূঞাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভূঞাপুর পৌরসভার প্রশাসক জনাব মোঃ মাহবুব হাসান। পরিদর্শনকালে তিনি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা এবং বিশেষ করে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সিএনজি, অটো, অটোভ্যান চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্দেশনামূলক বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। এসব বিলবোর্ডে সড়ক ব্যবহারের নিয়ম, নির্দিষ্ট স্থানে যানবাহন পার্কিং, পথচারীদের করণীয় এবং যানজট এড়াতে প্রয়োজনীয় বার্তা তুলে ধরা হয়েছে।
ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা দীর্ঘদিন ধরে যানজটের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিন শত শত যাত্রী ও যানবাহনের সমাগমে এ এলাকায় চলাচল ব্যাহত হয়। ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভোগান্তি পোহাতে হয়। তাই প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান বলেন, “যানজট নিরসনে শুধু প্রশাসনিক পদক্ষেপই যথেষ্ট নয়, প্রয়োজন জনসচেতনতা। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। নির্দেশনামূলক বিলবোর্ডগুলো জনগণকে সচেতন করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি।”
তিনি আরও বলেন, একটি আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গড়ে তুলতে সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য পৌর প্রশাসন পর্যায়ক্রমে আরও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে।
স্থানীয়দের মতে, প্রশাসনের এই উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়িত হলে যানজট কমবে, সড়কে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। সচেতন নাগরিকদের সহযোগিতার মাধ্যমে ভূঞাপুরকে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও যানজটমুক্ত পৌরসভায় রূপান্তর করা সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।