
টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুব হাসান।
মঙ্গলবার ১৯ মে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য গুদাম কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন, “সরকার কৃষকের কষ্টার্জিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে তারা উপকৃত হবেন। কৃষক বাঁচলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।”
তিনি আরও বলেন, কৃষকদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সেদিকে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
কৃষকেরা জানান, সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ পাওয়ায় তারা খুশি। এতে বাজারের অস্থিরতা ও দালালদের দৌরাত্ম্য থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি ও কৃষকবান্ধব সরকারের নানা উদ্যোগের ফলে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হচ্ছে। সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম কৃষকের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।