
সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সজিনা চাষ সম্প্রসারণের লক্ষে ডাল কাটিং ও চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় পৌর শহরের খুনিয়া দিঘি সড়কের ভান্ডারা এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগম।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও খাদিজা বেগম বলেন, ‘সজিনা অত্যন্ত পুষ্টিকর ও উপকারী একটি ওষুধি গাছ। এর চাষাবাদ পদ্ধতি যেমন সহজ, তেমনি এটি দ্রুত বৃদ্ধি পায়। গ্রামীণ মানুষের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি এটি আয়ের একটি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ ফলপ্রসূ ভূমিকা রাখবে।’
কৃষি বিভাগ জানায়, বিশেষ এই উদ্যোগের আওতায় উপজেলার বিভিন্ন বসতবাড়ির আশপাশ এবং রাস্তার দুই ধারে সজিনা গাছের ডাল রোপণ করা হচ্ছে। সজিনা গাছের ডাল কাটিং পদ্ধতিতে সহজেই বংশবিস্তার সম্ভব হওয়ায় এটি দ্রুত সম্প্রসারণযোগ্য। এর পাতা, ফুল ও ফল সবই পুষ্টিগুণে ভরপুর।
উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘রাণীশংকৈলকে সবুজায়ন করা এবং সাধারণ মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং কৃষকদের আর্থিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শফিউল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন ও আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই কার্যক্রম জোরদার করা হবে বলে জানানো হয়।