
সেলিম রেজা তাজ,বেনাপোল(যশোর) প্রতিনিধি
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪ লাখ ২৮ হাজার ৪২০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ হিজলী ও শাহজাদপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ২৫ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, ৭ প্যাকেট ঘাসের বীজ, ২৪ প্যাকেট কীটনাশক, ৩৫টি শাড়ি, ৩টি কম্বল, ১টি চাদর, ৬ প্যাকেট ফুচকা, ৪ কেজি কিসমিস ও ১৩৬টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের সর্বমোট মূল্য ৪ লাখ ২৮ হাজার ৪২০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।