
বিনোদন ডেস্ক
একসময় হোটেলের ইভেন্ট ম্যানেজারের চাকরি করতেন রাকিব হাসান। সেই পেশা ছেড়ে পুরোদমে কনটেন্ট নির্মাণে নেমে এখন তিনি দর্শকদের কাছে জনপ্রিয় ‘চান্দা ভাই’ নামে। সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের এই জনপ্রিয় চরিত্র তৈরির পেছনের গল্প, কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমসাময়িক ও হাস্যরসাত্মক কনটেন্ট নির্মাণের মাধ্যমে পরিচিতি পেয়েছেন খুলনার এই তরুণ। সমাজের বিভিন্ন অসংগতি ও অনিয়ম তুলে ধরার উদ্দেশ্যেই ‘চান্দা ভাই’ চরিত্রটি তৈরি হয়েছে বলে জানান ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র কর্ণধার রাকিব।
চরিত্রটি সৃষ্টির পেছনের গল্প জানিয়ে তিনি বলেন, ‘চান্দা ভাইয়ের ক্যারেক্টার নিয়ে আমি আগে কখনো ভাবিনি যে এরকম একটি চরিত্র দাঁড়াবে। এটি আমার মাথায় আগে থেকে সেটআপ করা ছিল না, উপরওয়ালা প্রদত্ত। সমাজের একটি অসংগতিকে তুলে ধরতে গিয়েই এটি দাঁড়িয়ে গেছে এবং মানুষের পছন্দের তালিকায় চলে এসেছে।’
পর্দায় চাঁদাবাজ বা প্রভাবশালী চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। দর্শকদের ভালোবাসার কথা উল্লেখ করে রাকিব বলেন, ‘চান্দা ভাই একটি নিছক চরিত্র, বাস্তবে রাকিব হাসান এমন নন। মানুষ আমাকে চান্দা ভাই বা রাকিব যেভাবেই ভালোবাসুক, সবার ভালোবাসার জায়গাটা একটাই।’
অনুষ্ঠানে সাংবাদিকদের অনুরোধে তিনি তার জনপ্রিয় সংলাপ ‘চান্দা ভাই কখনো ভয় পায় না, জাস্ট একটা পেইন কিলার খাব, আগের মতো হয়ে যাব’ শুনিয়ে উপস্থিত সবাইকে মাতিয়ে তোলেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে এই কনটেন্ট নির্মাতা বলেন, ‘অ্যাওয়ার্ড পেতে তো আসলে ভালো লাগে, এটি কাজের একটি স্বীকৃতি। পুরস্কার পাওয়ার পর কাজের স্পিড অনেক বেড়ে যায়, এটি একটি বড় অনুপ্রেরণা।’
বর্তমানে রাকিবের দলে ত্রিশের অধিক সদস্য কাজ করছেন। ভবিষ্যতে গতানুগতিক ধারার বাইরে গিয়ে দর্শকদের আরও মানসম্মত, পারিবারিক ও সচেতনতামূলক কাজ উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।