
নিজস্ব প্রতিনিধি
পবিত্র রমজান মাসে মানবিক সহায়তা পেয়ে নতুন আশার আলো দেখেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পানাইগাতি গ্রামের পক্ষাঘাতগ্রস্ত আব্দুল আজিজ ও তাঁর স্ত্রী। দীর্ঘদিন ধরে অসুস্থতা ও চরম আর্থিক সংকটে থাকা এই দম্পতির পাশে দাঁড়িয়েছে সুখ পাখি মানবিক সংগঠন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্যারালাইসিসে আক্রান্ত হয়ে আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। আয়-রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় দম্পতির সংসারে নেমে আসে চরম অভাব। অনেক সময় সেহরি ও ইফতারও করতে হয়েছে সীমিত খাবার দিয়ে।
এ অবস্থায় সংগঠনটির উদ্যোগে জরুরি সহায়তা হিসেবে ৫ হাজার টাকা প্রদান করা হয়। সহায়তা পেয়ে আজিজ দম্পতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দাতাদের জন্য দোয়া করেন।
সংগঠন সূত্র জানায়, একজন নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী দাতার সহযোগিতায় এই সহায়তা প্রদান করা হয়েছে। তাঁর দিকনির্দেশনায় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক Sheikh Razab সহায়তার অর্থ সরাসরি পরিবারের হাতে পৌঁছে দেন।
মানবিক এই উদ্যোগ সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে বলে স্থানীয়দের আশা।