
মো. আমিনুর রহমান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মাণাধীন সোনাহাট সেতুর সংযোগ সড়ক নির্মাণ নিয়ে দীর্ঘ সাত বছর ধরে চলছে অনিশ্চয়তা। প্রায় ৬ একর জমির মালিকানা নিয়ে ব্যক্তি ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে বিরোধের কারণে আটকে আছে সংযোগ সড়কের কাজ। এতে সেতু নির্মাণের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও সোনাহাট স্থলবন্দর ব্যবহারকারীরা। দ্রুত এ সমস্যার সমাধান করে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নির্মাণাধীন সেতুর সংযোগ সড়কের স্থান সরেজমিন পরিদর্শন করেন সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে ২০১৯ সালে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ সোনাহাট সেতুর নির্মাণকাজ শুরু হয়। সেতু ও সংযোগ সড়ক নির্মাণে চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা। ২০২১ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২০২৬ সাল পর্যন্ত সেতুর প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে ভূমি জটিলতায় পূর্ব প্রান্তের সংযোগ সড়ক নির্মাণ অনিশ্চিত হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্মাণাধীন সেতুর পূর্ব প্রান্তে প্রায় ৬ একর জমিকে স্থানীয় ব্যক্তিরা নিজেদের মালিকানাধীন বলে দাবি করছেন। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় দপ্তর ওই জমি রেলওয়ের মালিকানাধীন দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে। একই জমির মালিকানা নিয়ে দুই পক্ষের দাবির কারণে অধিগ্রহণ প্রক্রিয়া আটকে রয়েছে। বিষয়টি নিয়ে আন্তমন্ত্রণালয়ে একাধিকবার বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ফলে সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান।
পরিদর্শনকালে সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, ভূমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ জেলা প্রশাসকের কার্যালয়ে জমা রয়েছে। এখন শুধু জমির মালিকানা নিশ্চিত হওয়া প্রয়োজন। মালিকানা নির্ধারণ করা গেলে দ্রুত অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বিষয়টি দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। আমিও ইতিমধ্যে যোগাযোগমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করেছি। জনদুর্ভোগ লাঘবে দ্রুত জটিলতা নিরসন করে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরুর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, সোনাহাট সেতু চালু না হওয়ায় প্রায় দেড়শ বছরের পুরোনো ও মেয়াদোত্তীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে সোনাহাট স্থলবন্দরের পাথরবোঝাই ট্রাক, যাত্রীবাহী যানবাহন ও সাধারণ মানুষ। দ্রুত নতুন সেতুর সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চালু করা না গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।