
দৃশ্যপট ডেস্ক রিপোর্ট
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় র্যাব-১২ ও র্যাব-৩-এর যৌথ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (২৯ জুন) সকালে র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র্যাব-৩, সিপিসি-২, মগবাজারের একটি যৌথ আভিযানিক দল তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া গ্রামের ৯ নম্বর সেতু সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার গলগন্ডা এলাকার মো. আরবী মিয়া (৩৩) এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার মো. ফারুক (১৯)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপে করে বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় উদ্ধারকৃত গাঁজা, জব্দ করা পিকআপ ও মোবাইল ফোন জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।