
মোক্তার হোসেন,কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, উপকূলীয় জনপদকে মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে যুব সমাজকে সঠিক পথে এগিয়ে এসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, উপকূল অঞ্চলের সন্তানরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠে বলেই তারা অধিক পরিশ্রমী, মেধাবী ও অধ্যবসায়ী হয়ে ওঠে। সঠিক দিকনির্দেশনা পেলে তারা দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।
বুধবার (২০ মে) সকাল ১১টায় কয়রা উপজেলার কপোতাক্ষ মহাবিদ্যালয় হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের গভর্নিং বডির সভাপতি মোল্ল্যা আবু বকর সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন প্রভাষক বিদেশ চন্দ্র মন্ডল।
এমপি আজাদ আরও বলেন, এক সময়ের অবহেলিত জনপদ কয়রার চিত্র এখন বদলাতে শুরু করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কয়রাকে একটি আধুনিক ও মডেল জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য শিক্ষিত ও সচেতন যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
তিনি জানান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে অনেকেই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, ঝরে পড়া রোধ, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ এবং উচ্চশিক্ষায় সহযোগিতা নিশ্চিত করতে কাজ চলমান রয়েছে।
এ সময় তিনি কপোতাক্ষ মহাবিদ্যালয়-এ অনার্স কোর্স চালু, ছাত্র হোস্টেল নির্মাণ এবং অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, অবসরপ্রাপ্ত অধ্যাপক আ. ব. ম. আব্দুল মালেক, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, বেদকাশী বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, ইউপি সদস্য আবু হাসান সরদার এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আনোয়ারুল ইসলামসহ অনেকে।