
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে চার যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন—মোহনগঞ্জ থানার নওহা গ্রামের মৃত আশব আলীর ছেলে মো. শমল মিয়া (২২)। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই উপজেলার পশ্চিম টেংগাপাড়া গ্রামের মৃত মনু মিয়ার ছেলে জাহেদুল ইসলাম জুয়েল (৩৩) এবং ধর্মপাশা থানার শেখবাড়ী এলাকার অর্জুন রায়ের ছেলে অনয় রায় (২০)-কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ধর্মপাশা থানার খুরশিমুল গ্রামের মহর উদ্দিনের ছেলে মো. ফারুক মিয়া (৩৫)-কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বুধবার (১২ আগস্ট) সকালে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল মোহনগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মোহনগঞ্জ থানাধীন নওহা জামে মসজিদের সামনে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অভিযোগে চার যুবককে হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের। তিনি অপরাধ আমলে নিয়ে চারজনকে দোষী সাব্যস্ত করেন এবং অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত চারজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নেত্রকোনা জেলাজুড়ে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।