
শ্যামল হালদার,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
“মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের ভয়াবহতা তুলে ধরে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা গ্রামের অভিযাত্রী ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল্লাহ সিরাজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন এস. এম. মমতাজ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ওসি আহসানুজ্জামান বলেন, “মাদক বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এটি গ্রাম থেকে গ্রামে মহামারির মতো ছড়িয়ে পড়ছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যথেষ্ট নয়; প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ।”
তিনি আরও বলেন, “যুবসমাজের এমন ইতিবাচক ও সচেতনতামূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসন সবসময় সহযোগিতা করবে। তবে মাদক নির্মূলের নামে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ধরনের মব জাস্টিস গ্রহণযোগ্য নয়। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাই হতে হবে একমাত্র পথ।”
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎকে বিপন্ন করে তোলে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এরশাদ আলী, তায়েজ মণ্ডল, সুলতান মাহমুদ শুভসহ স্থানীয় সাংবাদিক, মসজিদের ইমাম, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ-যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন