
ন্যাশনাল ডেস্ক
দিনাজপুরের বিরামপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টায় আয়োজিত এ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের অঞ্চল থেকে হাজারো ভক্তরা অংশ নেন। ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে বিরামপুর পৌর শহরের প্রধান সড়কগুলো।
শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে বিরামপুর নতুন বাজার হরিমন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়। খোল, করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ভক্তরা ঐতিহ্যবাহী কাঠের রথ টেনে পুরাতন বাজার বারোয়ারি মন্দির প্রাঙ্গণে নিয়ে যান। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পুনরায় রথটি নতুন বাজার হরি মন্দিরে ফিরিয়ে এনে স্থাপন করা হয়।
রথযাত্রাকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নারী, পুরুষ, শিশু ও প্রবীণ সব বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশ নেন। পুরো শোভাযাত্রাজুড়ে ছিল ভক্তিমূলক সংগীত, হরিনাম সংকীর্তন এবং ‘জয় জগন্নাথ’ ধ্বনি।
রথযাত্রায় আসা এক ভক্ত তিমির বলেন, রথযাত্রা উৎসবে ভক্তরা বেশি বেশি দান করছেন পাশাপাশি তাদের পোলাও খাবার দেওয়া হচ্ছে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ।
বারোয়ারি মন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার কুণ্ড ও সাধারণ সম্পাদক শান্ত কুমার কুণ্ড জানান, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা সম্পন্ন হয়েছে। উৎসব ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।