
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মো. শাহাদৎ হোসেন (৪১) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ছোনগাছা কারিগরি স্কুলের পেছনে, বলিদহ মোড়ের প্রায় ২০০ মিটার পশ্চিমে রাস্তার পাশের একটি ঘাসখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহাদৎ হোসেন সদর উপজেলার চিলগাছা গ্রামের মো. শাহাজান শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে বর্তমানে খোকশাবাড়ী হাসপাতালের পূর্ব পাশে বসবাস করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন শাহাদৎ। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরদিন ৩ অক্টোবর (শনিবার) সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
এদিকে শাহাদৎ নিখোঁজের ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে খুঁজে পেতে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত ও উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হয়।
এরই মধ্যে রোববার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ছোনগাছা কারিগরি স্কুলের পেছনের একটি ঘাসখেতে অভিযান চালিয়ে শাহাদৎ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাই অথবা পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।