
রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা, দীর্ঘদিন ধরে মারাত্মক কিডনি রোগে আক্রান্ত অসহায় মহাদেব শীলের পাশে দাঁড়ালেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খান।
সম্প্রতি তিনি রোগাক্রান্ত মহাদেব শীলের বাড়িতে সশরীরে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি অসুস্থ মহাদেবের চিকিৎসার খোঁজ নেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সান্ত্বনা ও সাহস জোগান।
পরিদর্শনের পাশাপাশি প্যানেল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খান মহাদেব শীলের উন্নত চিকিৎসার জন্য ব্যক্তিগত পক্ষ থেকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান খান বলেন, “জনপ্রতিনিধি হিসেবে শুধু প্রশাসনিক দায়িত্ব পালন নয়, সমাজের অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মহাদেব শীল দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। তার এই সংকটের দিনে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি। সমাজের অন্যান্য বিত্তবানদেরও উচিত এমন অসহায় মানুষের চিকিৎসায় এগিয়ে আসা।”
প্যানেল চেয়ারম্যানের এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসুস্থ মহাদেব শীলের পরিবার এবং স্থানীয় এলাকাবাসী। স্থানীয়রা তার এই সময়োপযোগী ও সহমর্মিতাপূর্ণ আচরণের ভূয়সী প্রশংসা করেন।