
মোঃ হেলাল উদ্দিন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা পরিচালনা করেছেন। সাধারণ মানুষের জীবনযাত্রা সরাসরি পর্যবেক্ষণ এবং স্থানীয় নানা সমস্যা সমাধানের লক্ষ্যে এ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
১৮ অক্টোবর বিকেলে তিনি ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজার, পাহাড়পুর বাজার, শানপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং স্থানীয়দের নানা পরামর্শ শোনেন।
এসময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক ইয়াকুব আলী, ফতেপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা রইসুদিন ।
পরবর্তী পথসভা ও মতবিনিময় সভায় এমপি ড. মিজানুর রহমান এলাকার মুরুব্বি, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষের নানা দাবি-দাওয়া ও সমস্যার কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন। তিনি এলাকাভিত্তিক এসব সার্বিক সমস্যা পর্যায়ক্রমে সমাধানের সুস্পষ্ট আশ্বাস প্রদান করেন।
বক্তব্যে যুবসমাজের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “আগামীর বাংলাদেশকে মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিমুক্ত করতে পারে একমাত্র বর্তমান যুবসমাজ।” এ জন্য তিনি তরুণদের দুর্নীতি ও অপরাধকে ‘না’ বলে ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা এবং নতুন রাষ্ট্র গঠনের শপথ নিয়ে কাজ করার আহ্বান জানান।
মাদকের ভয়াবহ পরিণতি উল্লেখ করে এমপি মিজানুর রহমান আরও বলেন, “মাদকের বিস্তার রোধে প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে।” মাদকের সাথে সম্পৃক্ত কারবারিদের প্রতিহত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার পাশাপাশি সর্বস্তরে জনসচেতনতা তৈরির ওপর জোর দেন তিনি।
উক্ত গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।