
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরকারি হাঁস প্রজনন কেন্দ্র থেকে অবৈধভাবে পাচারের সময় হাঁসবাহী একটি পিকআপ আটক করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের শাহপুর এলাকায় অবস্থিত হাঁস প্রজনন কেন্দ্রের পাশ থেকে পিকআপটি আটক করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাঁস প্রজনন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক শায়লা শারমিন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই খামারের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে অবৈধভাবে হাঁস ও হাঁসের ডিম বিক্রি হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে শাহপুর হাঁস প্রজনন কেন্দ্রের ভেতর থেকে গোপনে একটি মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ হাঁস বাইরে পাচার করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে ট্রাকটি আটকে দেন। সরকারি খামার থেকে রাতের আঁধারে এভাবে হাঁস পাচারের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল বলেন, ‘খামারের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ট্রাকে করে অবৈধভাবে হাঁস ও ডিম বিক্রি করা হচ্ছে। গতকাল রাতেও ট্রাকবোঝাই হাঁস নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকটি আটক করেন। এ সময় চালকের কাছে হাঁসের বৈধ চালান দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে আমরা স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানাই।’
বেলকুচি হাঁস প্রজনন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক শায়লা শারমিন বলেন, ‘চালান ছাড়া রাতে হাঁস বিক্রি করা আইনবহির্ভূত কাজ হয়েছে।’
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মাহফুজার রহমান বলেন, ‘অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’