
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন সুমনের বাসাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পাটলী এলাকায় ইমরান হোসেন সুমনের বাসায় হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে দুর্বৃত্তরা। সুমন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য। তিনি এ হামলার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একই রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেনের মার্কেটের দোকানপাটে হামলা ও ভাঙচুর করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান ভূঁইয়া এবং সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলামের বাড়িতেও হামলা চালানো হয়। এ সময় আমিরুলের ছোট ভাই দুলালের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, লুতফর রহমান চঞ্চল ও হাসমত মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হাসমত মোল্লার দোকান এবং শ্রমবিষয়ক সম্পাদক উত্তম সাহার ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর করা হয়।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক ইমরান হাসান সাকিব, যুগ্ম আহ্বায়ক নওশাদ হাসান সন্দীপ, রাজীব ও সেজান মোল্লার বাড়িতেও হামলার অভিযোগ পাওয়া গেছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাগুলোর বিষয়ে জানতে পেরেছে পুলিশ। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।