
মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ২০২৪ সালের নাশকতা ও সন্ত্রাসবিরোধী দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, শিলখুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ফজলুল হক (৫৬), বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি জাফর আলী (৪৫) এবং পাইকেরছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন (৬০)।
পুলিশ সূত্রে জানা গেছে, ফজলুল হক উত্তর ছাট গোপালপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার এফআইআর নং-১৭, তারিখ ২৩ অক্টোবর ২০২৪ এবং জিআর নং-২০৫-এর মামলায় তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। মামলাটিতে পেনাল কোড ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, জাফর আলীকে সোনাহাট এলাকা এবং মকবুল হোসেনকে পাইকেরছড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধেও ২০২৪ সালের নাশকতা ও সন্ত্রাসের মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, ২০২৪ সালের মামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফজলুল হককে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অন্য দুজনকেও পৃথক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।