
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিরাপত্তার স্বার্থে চৈতালি (২৫) নামের এক ভবঘুরে নারীকে পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া বাজার এলাকায় ওই নারীকে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। এ সময় তাঁর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন ব্যক্তি তাঁকে রায়গঞ্জ থানায় নিয়ে আসেন।
পরে বিশেষ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ‘ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১’-এর ১০(৩)(খ) ধারা অনুযায়ী তাঁকে ভবঘুরে হিসেবে ঘোষণা করা হয়।
এরপর ৯ নভেম্বর রায়গঞ্জ থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার সহযোগিতায় ঢাকার মিরপুরে অবস্থিত সরকারি আশ্রয় ও অভ্যর্থনা কেন্দ্রে তাঁকে পাঠানো হয়। সেখানে তাঁর পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর নিরাপত্তা ও পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাঁকে ঢাকার মিরপুরের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।