
পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় জুয়া ও মাদকের আসরে অভিযান চালিয়ে মৎস্য অফিসের এক ষ্টাফসহ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের পলাশ কুমার (৩৮), পরিতোষ হাওলাদার (৩৩), নিশিথ হাওলাদার (৩৩), সাইদুল ইসলাম (৩৫), আমিনুল ইসলাম বাবু (৩০), গজেন হাওলাদার (৫০), আশরাফুল ইসলাম (৩৫) ও আজিমুদ্দিন (৪৫)মামুনুর রশিদ (৪১) এবং চক উদয়নারায়ণ গ্রামের রেজাউল করিম (৩৮)।
এদের মধ্যে পলাশ কুমার মান্দা উপজেলা মৎস্য দপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত আছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের নিশিথ হাওলাদারের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকের আসর চলে আসছিল। রোববার রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১০জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও চোলাইমদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম ও তারিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিশিথ হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনে অভিযোগে ১০ জনকে গ্রেফতার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন বলেন, দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের নিশিথের বাড়িতেহ অভিযান চালিয়ে ১০জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।