
মোঃ আমিনুর রহমান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ময়দানে আওয়ামী লীগের লগি-বৈঠার ঘটনায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপজেলা আমির প্রভাষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে মিছিলটি ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম, এমপি। তিনি বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ময়দানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে সারাদেশে জামায়াত ও শিবিরের নেতাকর্মীকে লগি-বৈঠা দিয়ে নির্মমভাবে হত্যা করেছিল, সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”
এ ছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামীর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. ফেরদৌস হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. আরিফুল ইসলাম।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভূরুঙ্গামারী উপজেলা শাখার ব্যানারে আয়োজিত এ কর্মসূচি ও পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীরা অংশ নেন।