
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অটোভ্যানের ব্যাটারি চোর চক্রের চার সদস্যকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ব্যাটারিও উদ্ধার করা হয়।
আটকরা হলেন— উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহ (২৮), পিতা: মো. মতিউর রহমান; জমতৈল মধ্যপাড়া গ্রামের মো. কাফি প্রামাণিক (২৮), পিতা: মো. মোসলেম প্রামাণিক; একই গ্রামের মো. মামুন ইসলাম (১৮), পিতা: মো. শরিফ ইসলাম; এবং বিয়াড়া মধ্যপাড়া গ্রামের মো. আলামিন হোসেন (৩০), পিতা: মো. আব্দুর রশিদ মণ্ডল। তাদের সবার বাড়ি কামারখন্দ উপজেলায়।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, গত রোববার রাতে উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামের ভ্যানচালক সারোয়ারের ব্যাটারিচালিত অটোভ্যানের ব্যাটারি চুরি হয়। পরদিন সোমবার সকালে নান্দিনা কামালিয়া বাজারসংলগ্ন একটি নির্মাণাধীন পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে ব্যাটারিটি বের করার সময় স্থানীয়রা চারজনকে হাতেনাতে আটক করেন। পরে তাদের গণধোলাই দিয়ে সোমবার বিকেলে কামারখন্দ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সারোয়ার বাদী হয়ে কামারখন্দ থানায় একটি চুরির মামলা দায়ের করেন। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই ঘটনায় আরও দুইজনের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধভাবে বিভিন্ন বাড়িতে চুরি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে অটোভ্যানের ব্যাটারি, পানির মোটর, টিউবওয়েলসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ রয়েছে। গণধোলাইয়ের সময় তারা এলাকার একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।