
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা স্বাস্থ্যসেবা পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে তীব্র জনবল সংকট ও প্রয়োজনীয় ওষুধের অভাবে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনুমোদিত ৮টি পদের বিপরীতে বর্তমানে মাত্র ২ জন কর্মরত থাকায় প্রতিদিনই সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রটিতে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ভিজিটর এবং ৪ জন মাঠকর্মীসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকায় অনেক রোগী চিকিৎসা নিতে এসে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন।
চিকিৎসাসেবা নিতে আসা রোগী আছিয়া খাতুন বলেন, “আমরা যখনই চিকিৎসা নিতে আসি, তখনই ওষুধ পাই না। খালি হাতেই ফিরে যেতে হয়।”
চান্দাইকোনা স্বাস্থ্যসেবা পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, “আমাদের এখানে প্রয়োজনীয় জনবলের তুলনায় মাত্র ২ জন কর্মরত আছি। এত কম জনবল দিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। প্রয়োজনীয় ওষুধও নিয়মিত পাওয়া যায় না। ফলে রোগীরা সেবা নিতে এসে হতাশ হয়ে ফিরে যান।”
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল আলম বলেন, “জনবল সংকটের কারণে রোগীরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। সামনে ভাইভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিয়োগ সম্পন্ন হলে জনবল সংকট কিছুটা কমবে বলে আশা করছি। এছাড়া প্রতি বছর ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য বাজেট থাকার কথা থাকলেও কয়েক বছর ধরে পর্যাপ্ত বাজেট পাওয়া যাচ্ছে না। ফলে প্রয়োজনীয় ওষুধ কেনাও সম্ভব হচ্ছে না।”
এলাকাবাসীর দাবি, দ্রুত শূন্য পদগুলোতে জনবল নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক কার্যক্রম স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি উদ্যোগ গ্রহণ করুক। তাদের মতে, প্রয়োজনীয় জনবল ও ওষুধ নিশ্চিত করা গেলে চান্দাইকোনা স্বাস্থ্যসেবা পরিবার কল্যাণ কেন্দ্রটি আবারও কার্যকরভাবে এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম হবে।